২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের নতুন কর্মসূচি, সারাদেশে সমাবেশ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন। 

আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় নারী নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ১৪ দল।

এছাড়াও ২, ৩ ও ৪ মে ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও জনসভা হবে। এতে আওয়ামী লীগসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা থাকবেন।

সভায় বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

একইসঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে বিএনপি-জামায়াতের সংঘবদ্ধ হামলা, খুলনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ সরণকে লক্ষ্য করে বোমা হামলা, রাজশাহীতে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা এবং আওয়ামী লীগের যু‏গ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের বাসায় হাতবোমা রাখার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।

নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, সাম্যবাদী দলের নেতা আবু হামেদ শাহাবউদ্দিন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, মজদুর পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।