২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাধার কারণে ছাপানো যাচ্ছে না আমার দেশ’

সরকারের নানা ‘বাধা’ ছাপানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে দাবি করেছে আমার দেশ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

সম্পাদককে গ্রেপ্তার এবং ছাপাখানা বন্ধ করে দেয়ার তিন দিন পর সোমবার এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেয়া হয়।

তাহলে আমার দেশ প্রকাশ বন্ধ হচ্ছে কি না- প্রশ্ন করা হলেও তার সরাসরি উত্তর মেলেনি সংবাদ সম্মেলনে।

আমার দেশ কর্মকর্তারা বলেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি সর্বোচ্চ আদালতকে জানাবেন তারা।

আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, “সরকার ডিক্লারেশন বাতিল না করলেও পত্রিকা  প্রকাশ যাতে বন্ধ থাকে সেজন্য বেআইনিভাবে ছাপাখানা বন্ধসহ সব পদক্ষেপ নিয়েছে।

“ছাপা বন্ধ থাকায় কার্যত বহুল প্রচারিত ও জনপ্রিয় এই পত্রিকাটি বন্ধ করে দিয়েছে সরকার।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পুলিশ পত্রিকাটির ছাপাখানায় তালা ঝুলিয়ে দেয়।

আমার দেশের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, সুপ্রিম কোর্টের আদেশে আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বৈধ ও সংরক্ষিত আছে। সরকারের পক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ ‘অযাচিতভাবে’ এখন যা করেছে, তা সর্বোচ্চ আদালতের আদেশের পরিপন্থি।

নিজেদের ছাপাখানা বন্ধের পর শনিবার জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের ছাপাখানায় আমার দেশ ছাপানোর সময় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে।

বেআইনিভাবে আমার দেশ ছাপানোর অভিযোগে সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মামলাও হয়েছে।

তবে ছাপাখানা বন্ধের পর থেকে রোববার পর্যন্ত আমার দেশ প্রকাশিত হয়েছে, সোমবার ছিল সংবাদপত্রে ছুটি।

মাসুদ তালুকদার বলেন, “আল ফালাহ প্রিন্টিং প্রেসে আমার দেশ পত্রিকা ছাপানো বেআইনি ছিল না। এই পর্যায়ে যখন অন্য একটি ছাপাখানায় পত্রিকাটি প্রকাশের ব্যবস্থা নেয়া হবে, পুলিশ একই কাজ করবে। সেজন্য আমার দেশ পত্রিকা ছাপানো যাচ্ছে না।”

ছাপাখানা বন্ধের পর অন্য স্থানে ছাপানোর বিষয়টি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, “আমার দেশ বন্ধ হয়ে গেল, তা বলা যাবে না।

“সরকার আইনের তোয়াক্কা না করে স্বেচ্ছাচারিতা করে ছাপাখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। ওই তালাতে কোনো সিলগালা করা হয়নি। আদালতের আদেশে হলে সিল থাকত।”

আমার দেশ প্রকাশে ‘প্রতিবন্ধকতা’ সৃষ্টি হওয়ায় এই পত্রিকার ৫ শতাধিক সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার অনিশ্চয়তায় পড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আবদাল আহমেদ বলেন, কার্যালয় থেকে গ্রেপ্তারের সময় পুলিশ মাহমুদুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করেছে।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। 

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ফিচার সম্পাদক হাসান হাফিজ, নগর সম্পাদক এম আবদুল্লাহ, মহাব্যবস্থাপক জিল্লুর রহিম চৌধুরীও ছিলেন।