‘নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না’
নির্দলীয় সরকার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আজ টিআইবি, সিপিডির মতো সংস্থাগুলোও বলছে, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরাও গত তিন বছর ধরে এই কথাটি বলে আসছি। জনগণের মতামত উপেক্ষা করে নেতাদের আটক করে সরকার এদেশে একতরফা নির্বাচন করতে চায়।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদউদ্দিন চৌধুরীসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই আলোচনা সভা হয়।
খন্দকার মোশাররফ অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচন করতে এ পর্যন্ত দুইশ নেতাকে আটক করেছে। গণমাধ্যমের ‘কন্ঠ রোধ’ করতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তার করেছে। পত্রিকাটির ছাপাখানা বন্ধ করে দেয়া হয়েছে।
সংগঠনের সভাপতি দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলীয় সাংসদ জয়নুল আবেদীন (ভিপি জয়নাল), এ বি এম আশরাফউদ্দিন নিজান, আবুল খায়ের ভুঁইয়া, নাজিম উদ্দিন আহমেদ, দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, ছাত্র দলের সিনিয়র সহসভাপতি বজলুল করীম চৌধুরী বাসিত প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া বিকালে জাতীয় প্রেস ক্লাবের সভা কক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আটক নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তারা সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলী, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ইসমাইল হোসেন বেঙ্গল, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদি প্রমূখ বক্তব্য রাখেন।
