মাহমুদুরের মুক্তির দাবিতে চট্টগ্রামে সিএমইউজে’র অনশন
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে চট্টগ্রামে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াতপন্থী সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
সোমবার নগরীর লাভলেইনস্থ সিএমইউজে কার্যালয়ের সামনে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী শরবত পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান।
অনশন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সরকার ‘বেআইনীভাবে’ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির প্রেস বন্ধ করে দিয়েছে।
কর্মসূচি থেকে আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়ার দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দেয়া হয়।
সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি ইসকান্দর আলী চৌধুরী, দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, বিএফইউজের সহকারী মহাসচিব মুস্তফা নঈম প্রমুখ।
