পুলিশের উপর হামলা, জামায়াত নেতাসহ আসামী ১৯৫
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার রাজনগর থানায় মামলা হয়েছে। মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ ৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় স্থানীয় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং একই থানা জামায়াতের সেক্রেটারি আবু রাইয়ান শাহীনকে হুকুমের আসামি করা হয়।
মামলায় এজাহারে বলা হয়, গত ১ মার্চ রাজনগরের কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহমদ বাদী হয়ে শহীদ মিনার ভাংচুর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে রাজনগরের জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামীদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
রোববার নববর্ষ উদযাপন ও নবনির্মিত একটি ইনডোর খেলার মাঠ উদ্বোধন উপলক্ষে খাঁরপাড়া গ্রামে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে সকাল থেকেই হামদ-না’ত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাত ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাজনগর থানার ওসি মো. নাজিমউদ্দীনের নেতৃত্বে দুটি সিএনজি গাড়িতে করে একদল পুলিশ ওই মামলার আসামী ধরতে যায়। পুলিশ অনুষ্ঠানস্থলের গেইটে অবস্থান নিয়ে উপস্থিত দর্শকদের তল্লাশি চালিয়ে প্রথমে ওই মামলার আসামী শাহাবউদ্দীনসহ কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় পাঠিয়ে দেয়।
পুলিশের অভিযোগ, পরে আরো কয়েকজন আসামী আটক করে থানায় নিয়ে আসার পথে উপস্থিত দর্শক ও জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়।
এসময় রাজনগর থানার ওসি মো. নাজিম উদ্দীন, এসআই হিল্লোল রায়, এসআই আবুল হোসেন, এসআই বাবর আলী ও কনস্টেবল মোজাম্মেল আহত হন এবং পুলিশের ব্যবহৃত একটি সিএনজি গাড়িও ভাংচুর করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে দাঙ্গা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হাসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর রাতে অভিযান চালিযে আগের মামলার ৩ আসামী সহ ১৪ জনকে আটক করা হয়।
