সিলেটে ১৩ লাখ টাকা ছিনতাই
সিলেট নগরীতে চেইন শপ স্বপ্ন’র এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
স্বপ্ন’র সিলেটের রিজিওনাল ম্যানেজার (সেলস) আমিনুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তাদের জুনিয়র এক্সিকিউটিভ (ফাইন্যান্স) মুমিনুর রহমান নয়াসড়ক এলাকার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক থেকে ১৩ লাখ টাকা তুলে একটি সিএনজি অটোরিকশায় স্বপ্নের উপশহর শাখায় ফিরছিলেন।
বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে এলে ৫-৬টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা অটোরিকশার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে ১৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
