২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতে রিটের শুনানি মঙ্গলবার

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে যোগ্য ব্যক্তিরা প্রার্থী হতে পারছেন না- এমন যুক্তি দেখিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে করা রিটের শুনানি হবে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ সোমবার এই দিন ধার্য করে দেয়। গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করার পর সোমবার শুনানির জন্য তা ওই বেঞ্চে উপস্থাপন করা হয়।

পরে ড. ইউনুস আলী আকন্দ বলেন, “আদালত মঙ্গলবার শুনানির জন্য দিন রেখেছে।”

সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হবে না এবং ওই অনুচ্ছেদ বাতিল করতে কেন বিবাদিদেরকে নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে দুটি রুল চাওয়া হয়েছে তার আবেদনে।

আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ বিষয়ক সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনারকে রিটে বিবাদি করা হয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে।

ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অনুচ্ছেদে বলা হয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এ কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারেন না। ফলে যোগ্য প্রার্থীরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণই করতে পারছেন না।”

এই আইনজীবীর যুক্তি, “দল সাধারণত তাদের পছন্দের লোককেই নির্বাচিত করতে চায়। এছাড়া ১৯৯১ সালের আইন অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একজন সংসদ সদস্যকে প্রস্তাব করতে হয়, আরেকজনকে সমর্থন করতে হয়। দলীয় আনুগত্যের বাধ্যবাধকতার কারণে অনেক যোগ্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন না। যা দেশের মানুষের মৌলিক অধিকারের লংঘন।”

বাদি ৭০ অনুচ্ছেদকে সংবিধানের ৭(১), ১৯(১), ২৬, ২৭, ৩১ ও  ১১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তার রিট আবেদনে।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২০ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান।

রাষ্ট্রপতির মৃত্যুতে এই পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী ২৯ এপ্রিল এ নির্বাচনের ভোটের দিন রেখেছে।

আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।  

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। পরবর্তী সময়ে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে। নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল জলিলের মৃত্যুর পর বর্তমানে ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন, যাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী, একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনী কর্মকর্তার সামনে নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নিজের স্বাক্ষর দিয়ে তা জমা দিতে হবে।

ভোট শেষে প্রকাশ্যে গণনায় সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে। আর সমান ভোট পেলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ফল নির্ধারণ করা হবে।