‘পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারাবে’
বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোকে দায়ী করে সে দেশের নোবেলবিজয়ী অধ্যাপক জন বায়র্ন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি রোধে ব্যবস্থা নিতে না পারলে ভবিষ্যতে বিশ্বে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা কঠিন হবে।
গত শনিবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সাই মিলনায়তনে ‘বাংলাদেশের পরিবেশ ও উন্নয়ন সম্পর্ক’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক বায়র্ন; যিনি পরিবেশ নিয়ে কাজের জন্যে ২০০৭ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।
হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইন্সটিটিউট ও সাউথ এশিয়ান স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল গ্রুপ যৌথভাবে সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে পাঁচটি বিষয়ে সেমিনারে পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন পরিবেশ বিজ্ঞানী অংশ নেন।
বায়ার্ন বলেন, “জলবায়ু পরিবর্তনের জন্যে যেসব দেশ দায়ী তার অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র। অথচ এর অসহায় শিকার হচ্ছে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বিশ্বে তাদের নেতৃত্ব হুমকির মুখে পড়বে।”
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে ঝুঁকির মধ্যে পড়ার পাশাপাশি ঘন ঘন জলোচ্ছ্বাস হচ্ছে, অতিবন্যা এবং খরার কবলে পড়ছে বাংলাদেশ।
হাছান মাহমুদ পরিবশ রক্ষায় সরকারে নানা পদক্ষেপ তুলে ধরে তাতে বিরোধী দলকে অংশীদার করার কথাও তুলে ধরেন।
তিনি বলেন, পরিবেশ ইস্যুকে বাংলাদেশে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে রাখা হয়েছে। সংসদে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, ২০১১ ও ২০১২ অর্থ বছরে সারাবিশ্ব প্রতিরক্ষা খাতে ব্যয় করে ১.৭ ট্রিলিয়ন ডলার। অথচ ২০২০ সালের মধ্যে পরিবেশ পরিবর্তনের ধারা রোধকল্পে অঙ্গিকারের ১০ বিলিয়ন ডলারের ক্ষুদ্রতম একটি অংশ এখন পর্যন্ত দেয়া হয়নি।
সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা মসিউর রহমান, বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ আবু হাসনাতও বক্তব্য রাখেন।
নিউ ইয়র্ক, নিউ জার্সি, , পেনসেলভেনিয়া, কানেটিকাটসহ বিভিন্ন রাজ্যের প্রবাসী ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে হার্ভার্ড মেডিকেল স্কুলের ইকবাল ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী বছরগুলোতেও পরিবেশ সম্পর্কিত এ ধরনের সেমিনার আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে।
