২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় পুলিশ ও শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড ও বিবিরহাটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল ও এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান, রোববার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর স্টিল কারখানার সামনে একটি কভার্ড ভ্যানের চাপায় নিহত হন হাইওয়ে পুলিশের কনস্টেবল গোলাম মোস্তফা (৫৪)।

ওই এলাকায় দায়িত্ব পালনের সময় কভার্ড ভ্যানটি পেছন থেকে কনস্টেবল মোস্তফাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কভার্ড ভ্যান ও চালক জহিরকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

এদিকে সকালে বিবিরহাট গরুর বাজারের সামনে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয় পাখি আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সঞ্জয় কুমার দাশ জানান, সকাল সোয়া দশটার দিকে রাস্তা পার হওয়ার সময় মেয়েটি দুর্ঘটনায় পড়ে।

গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাখি বিবিরহাট এলাকার নূরুল ইসলামের মেয়ে বলে কনস্টেবর সঞ্জয় জানান।