শেরপুরে নকলে বাধা দেয়ায় অধ্যক্ষ লাঞ্ছিত
শেরপুরের ঝিনাইগাতীতে এইচএএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেয়ায় এক কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানকে লাঞ্ছিত করা হয়।
খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশার ছেলে আরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কক্ষে ঢুকে চেয়ার ও জুতা নিক্ষেপ করে। সন্ত্রাসীরা তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় অধ্যক্ষ নিজেই মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
