২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ভারে সেতু ভেঙ্গে শিশু  নিহত

নগরীর চান্দগাঁও থানার  দাশ পাড়ায় শনিবার ট্রাকের ভারে সেতু ভেঙ্গে এক শিশু নিহত হয়েছে।এছাড়া অাহত হয়েছেন শিশুটির মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নিহত শিশুর নাম সুস্মিতা দাশ (৩)। তার বাবা সুভাষ দাশ হামিদচর এলাকার দাশ পাড়ার বাসিন্দা।

গুরুতর আহত অবস্থায় শিশুটির মা পটুবালা দাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার দাশ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান,  বেলা সাড়ে বারটার দিকে দাশ পাড়া সেতু দিয়ে একটি বালিবাহী ট্রাক যাওয়ার সময় সেতুটি ভেঙ্গে পড়ে।

এসময় শিশু সন্তানকে কোলে নিয়ে ব্রীজ পাড় হওয়ার সময় পটুবালা নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হয় সুস্মিতা দাশ।

দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুবালাকে চমেক হাসপাতালে নিয়ে যায় বলে জানান দমকল বাহিনীর এই কর্মকর্তা।