ময়মনসিংহে বাস থেকে পড়ে যুবক নিহত
ময়মনসিংহের শিকারীকান্দায় চলন্ত বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়ছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ওই যুবককে উদ্ধার করতে গিয়ে অপর একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হন পাঁচজন পথচারী।
কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস থেকে নামার সময় ফারুক নামের এই যুবক ঘটনাস্থলে নিহত হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে অপর একটি মাইক্রোবাস তাদেরকেও চাপা দিলে কমপক্ষে পাঁচজন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা মাইক্রোবাসটি জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
