‘প্রতারণার’ অভিযোগে সমাজসেবা কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে পুলিশে দিয়েছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক।
শুক্রবার সকালে চাকরির তদবিরের জন্য কথা বলার নাম করে একটি পার্কে ডেকে তাকে পুলিশে দেন রবিউল ইসলাম।
রবিউল খুলনা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি।
অভিযোগকারী রবিউল ইসলাম বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুর রহমান চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন এমন তথ্য পাওয়ার পর ওই কর্মকর্তার মোবাইলে ফোন করে কথা বলেন।
‘সহকারি প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভাইজিকে চাকরি দেওয়ার জন্য তদবিরের কথা বললে সমাজসেবা কর্মকর্তা সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আসেন।’
কথাবার্তার এক পর্যায়ে আরো কয়েকজন সাংবাদিক সেখানে হাজির হলে ওই কর্মকর্তাকে সদর থানায় সোপর্দ করা হয় বলে জানান এই সাংবাদিক।
সাতক্ষীরা সদর থানার ওসি আমান উল্লাহ আমান বলেন, সাংবাদিক রবিউল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।
