পহেলা বৈশাখ বিকাল ৫টার পর রমনায় নয়: পুলিশ
নববর্ষের দিন বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করে রমনা পার্ক থেকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
অবশ্য দেশের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও আশ্বস্ত করেন পুলিশ কমিশনার।
আগামী রোববার নানা আয়োজনে বঙ্গাব্দ ১৪২০ বরণ করা হবে সারা দেশে। প্রতিবারের মতো এবারো চারুকলার শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে মঙ্গল শোভাযাত্রা।
প্রতিবছর শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান চললেও ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে জঙ্গি বোমা হামলায় ১০ জন নিহত হন।
মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ জানান, নববর্ষের নিরাপত্তায় রাজধানীর ২২টি পয়েন্টে রোড ব্লক ও তল্লাসি চৌকি বসানো হবে।
এছাড়া রমনাসহ বর্ষবরণ অনুষ্ঠানের আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলের পথের নির্দেশনা দেন রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার।
তিনি জানান, রমনা উদ্যানে অরুণোদয়, রমনা রেস্তোরাঁ, অস্তাচল ও নতুন গেট দিয়ে শুধু প্রবেশ করা যাবে। উত্তরায়ণ ও বৈশাখী গেট দিয়ে শুধু বের হওয়া যাবে। তবে শ্যামলীমা ও স্টার গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বেরও হওয়া যাবে।
ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটসংলগ্ন গেট, টিএসসির গেট ও তিন নেতার মাজারের গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শুধু প্রবেশ করা যাবে। আর চারুকলার বিপরীতে শিশুপার্ক গেট (ছবির হাট গেট) ও কালি মন্দির গেট দিয়ে বের হওয়া যাবে।
তবে শিখা চিরন্তন গেট বন্ধ থাকবে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের চারদিকে সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
“মেলার নিরাপত্তায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া বিনামূল্যে পানি ও চিকিৎসা সেবা দেওয়া হবে।”
নববর্ষের অনুষ্ঠানে হাতব্যাগ বা কোনো ধরনের ব্যাগ না আনারও পরামর্শ দেন কমিশনার।
ট্রাফিক পুলিশের ঢাকা দক্ষিণের উপ-কমিশনার খন্দকার নজমুল আশরাফ জানান, অনুষ্ঠানস্থলের কাছে গাড়ি রাখার স্থান নির্ধারিত থাকবে।
বর্ষবরণের উৎসবে আসা যানবাহনগুলোকে পুরাতন এলিফ্যান্ট রোড, মিন্টো রোড, সেগুনবাগিচা (কার্পেট গলি), কাঁটাবন থেকে পলাশী মোড়, হাইকোর্ট থেকে আব্দুল গণি রোড ও কার্জন হল থেকে ফুলবাড়িয়া এলাকায় রাখা যাবে।
নয়টি পয়েন্টে যানবাহন ডাইভারশন করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
