২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে হামলা: জামায়াত নেতাসহ আটক ৪০

চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীর হামলার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪০ জনকে আটক করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 09:35 AM

Updated : 13 Oct 2022, 02:50 PM

পুরনো খবর:

ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে হামলা, নিহত ৩

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভুজপুর থানার কাজীরহাট ও এর আশপাশের এলাকা থেকে আটক ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ওইদিন দুপুরে ভুজপুরে আওয়ামী লীগের একটি মিছিলে জামায়াত ও হেফাজতের হামলায় তিনজন নিহত হয়, যাদের দলের কর্মী বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ ঘটনায় আটকদের মধ্যে ভুজপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ও ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম নুরীও রয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি পদমর্যাদার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলার ঘটনায় জামায়াতের স্থানীয় আমীরসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকাল পর্যন্ত আরো ছয় জনকে আটকের কথা জানান চট্টগ্রাম জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন।

তিনি আরো বলেন, সংঘর্ষের ঘটনায় ভুজপুর থানার এসআই নুরুন্নবী বাদি হয়ে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা শুক্রবার রাত আটটার দিকে তুলে নেয়া হয়েছে।

জামায়াত নেতা শফিউল বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মিছিলে হামলায় নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার থেকে একটি মিছিল বের করে।

মিছিলটি ভুজপুর থানার কাজীর হাটে পৌঁছালে স্থানীয় কাজীর হাট বড় মাদ্রাসা থেকে ‘সন্ত্রাসীরা আসছে’ বলে মাইকিং করা হয় এবং মিছিলে হামলা হলে ষংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে তিনজন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। পুড়িয়ে দেয়া হয় পঁচিশটি মোটরসাইকেল, কয়েকটি জিপ ও ফায়ার সার্ভিসের গাড়ি।

এদিকে রাতে ১৪৪ ধারা তুলে নেয়া হলেও সেখানে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছে।