বাগেরহাটে পুড়িয়ে দেয়া হলো ওষুধ কারখানা
বাগেরহাটে ফকিরহাট উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ওষুধ তৈরির কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কারখানার মালিক জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাহারুল আলম ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লখপুর এলাকার আচার্য প্রফুল্ল চন্দ্র ফার্মাসিউটিক্যাল লিমিটেডর কারখানায় এ ঘটনা ঘটে।
বাহারুল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাত সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের সাত-আট জনের একটি দল সীমানা প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে নৈশ প্রহরী মিজানুর রহমানকে বেঁধে ফেলে।
পরে তারা কারখানায় ব্যাপক ভাংচুর করে ও গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে চলে যায়। এতে কারখানার প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাহারুল।
দমকল বাহিনীর খুলনার স্টেশন কর্মকর্তা শেখ আরিফুর রহমান জানান, রাত ১টার দিকে খবর পেয়ে খুলনার দুটি ও বাগেরহাটের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন ও ভাংচুরে কারখানার দুটি কাঁচামালের গুদাম, ওষুধ রাখার দুটি গুদাম, একটি প্যাকেজিং ইউনিট, একটি ওষুধের মান নিয়ন্ত্রণ ইউনিট এবং চারটি অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
“এটা পরিকল্পিত নাশকতা, তবে গান পাউডার দিয়ে আগুন দেয়া হয়েছে কিনা পরীক্ষা ছাড়া বলা যাবে না। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি”, বলেন আরিফুর।
ফকিরহাট থানার ওসি মাসুদুল আলম জানান, জেলা সুপার খন্দকার রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারাখানার মালিক বাহারুল আলম ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
ফকিরহাট উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোফাজ্জেল হায়দার অভিযোগ অস্বীকার করেছেন।
