সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে সাড়ে ২৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার ভোর ৪টায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- এলাকার হাজি সুলতানের পুত্র শামসুল আলম (৩৫) ও হাজি জামালের পুত্র মোহাম্মদ আলমগীর (২১)।
টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার জাকারিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
