২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা চেয়ে ওবামাকে স্মারকলিপি

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় জরুরি হস্তক্ষেপ চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্মারকলিপি দিয়েছে প্রবাসী বাংলাদেশি সংখ্যালঘুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

বিক্ষোভে একাত্বতা জানায় সর্বজনীন পূজা উদযাপন পরিষদ, শ্রীকৃষ্ণ ভক্তসংঘ, সম্মিলিত হিন্দু পরিষদ, সনাতন সংঘ, হরিনাম সংকীর্তনসহ বেশ কিছু সংগঠন।

বাংলাদেশে হেইট ক্রাইম আইন প্রণয়ন, সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে নজরদারি সেল গঠন, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠনের মাধ্যমে বিশেষ একটি বাহিনী প্রতিষ্ঠা, ১৯৭৪ এর পর থেকে ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ীদের বিচারে বিচার বিভাগীয় কমিটি গঠনে বাংলাদেশ সরকারকে চাপ দিতে দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা খতিয়ে দেখতে কংগ্রেসে একটি শুনানির আবেদনও রয়েছে স্মারকলিপিতে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৪২ বছরের বাংলাদেশে হাজার হাজার মন্দির ভাংচুর, সংখ্যালঘুদের সহায়-সম্পদ লুট, নারী ও শিশু ধর্ষণের একটি ঘটনায়ও সত্যিকারের বিচার হয়নি।

রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিতদের হামলার শিকার হয়ে গত ৪২ বছরে এক কোটিরও বেশি সংখ্যালঘু তথা হিন্দুকে বাংলাদেশ ছাড়তে হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।  

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসেলভেনিয়া, কানেটিকাট, ম্যাসেচুসেটস, ডেলওয়ার, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, নর্থ ক্যারলিনা, জর্জিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রতন বড়ুয়া, সেক্রেটারি সুশীল সাহা।