তিন বিভাগে বিদেশে গমনেচ্ছু ১৪৫৯৩ নারীর নিবন্ধন
দেশের তিনটি বিভাগে বিদেশে গমনেচ্ছু ১৪ হাজার ৫৯৩ জন নারী শ্রমিক নিবন্ধন করেছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) প্রশিক্ষণ ও পরিকল্পনা শাখার পরিচালক নুরুল ইসলাম এ তথ্য জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ৭ এপ্রিল থেকে শুরু হওয়া নিবন্ধনের প্রথম ধাপে রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের নিবন্ধন প্রক্রিয়া বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শেষ হয়েছে।
তবে সার্ভার শুক্রবার সকাল ৬টায় বন্ধ হবে উল্লেখ করে তিনি বলেন, “এ কারণে এই তিন বিভাগে মোট নিবন্ধনের সংখ্যা বাড়তে পারে।”
বিএমইটি’র এই কর্মকর্তা জানান, রাজশাহী বিভাগে ৪৫০১ জন, রংপুর বিভাগে ৫৬৭৬ জন এবং সিলেট বিভাগে ৪৩৮৪ জন নিবন্ধন করেছেন।
এ ছাড়া ১২ থেকে ১৬ এপ্রিল চট্টগ্রাম ও খুলনা বিভাগ এবং ১৭ থেকে ২১ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন কার্যক্রম চলবে।
২৫ থেকে ৪৫ বছর বয়সী এবং ন্যূনতম অষ্টম শ্রেণি পাস নারীরা নিবন্ধন করতে পারবেন। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে।
সরকারি ব্যবস্থাপনায় এপ্রিলের শেষ সপ্তাহে ৭০ জন নারী শ্রমিককে হংকং পাঠাবে সরকার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলা হয়েছে।
