মাগুরায় মুক্তিযোদ্ধাদের লাঠি মিছিল
ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে মাগুরায় লাঠি মিছিল করেছে মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের নোমানি ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ করে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, আওয়ামী লীগ নেতা আব্দুল ফাত্তাহ, হাজী গোলাম মওলা, সদর উপজেলা কমান্ডার জহুর-ই-আলম প্রমুখ।
সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
