বিদেশে গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন শুরু শুক্রবার
বিদেশে গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামের ৪১টি ওয়ার্ড কার্যালয়সহ ২৩৭টি কেন্দ্রে শুরু হচ্ছে শুক্রবার।
চট্টগ্রাম জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন চলবে।
বন্দর নগরীর ৪১টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, আগ্রাবাদের জনশক্তি ও প্রশিক্ষণ কর্মসংস্থান ব্যুরোর কার্যালয় এবং ১৯৫টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নিবন্ধন প্রক্রিয়া চলবে।
শুক্রবার শুরু হয়ে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।
হংকং, সিঙ্গাপুর, মরিশাস, জর্ডানসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে চাহিদা অনুযায়ী নারী কর্মী পাঠানোর কার্যক্রম শুরু করেছে সরকার।
বিএমইটি জানিয়েছে, হংকং, সিঙ্গাপুর, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহকর্মী এবং নার্স, কেয়ার গিভার, গার্মেন্টকর্মী, বিক্রয়কর্মী, কৃষিকর্মীসহ বিভিন্ন পদে অন্যান্য দেশে কর্মী পাঠানো হবে।
নার্সিং পেশা ছাড়া অন্যন্য পেশায় অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
নার্সিং পেশায় নার্সিং ডিপ্লোমা ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে। এক্ষেত্রে তাদের ইংরেজিতে কথা বলতে জানতে হবে। এছাড়া হংকং যেতে ইচ্ছুক প্রার্থীদের জন্য দুই মাসের চায়নিজ ভাষা শিক্ষার প্রশিক্ষণ নিতে হবে।
