মাহমুদুরকে গ্রেপ্তার ‘বাকশালী’ চরিত্রের প্রকাশ: খালেদা
নিজের এক সময়ের উপদেষ্টা মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে বৃহস্পতিবার গ্রেপ্তারের পর এক বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেছেন, এর মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।
গণমাধ্যমের ওপর ‘নিপীড়ন-নির্যাতন’ বন্ধ করে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, মুক্তি দাবি করেছেন মাহমুদুরের।
তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দেয়ার অভিযোগও রয়েছে।
পেশায় প্রকৌশলী মাহমুদুর রহমান খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন। কয়েক বছর আগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন তিনি।
এরপর আদালত অবমাননার অপরাধে তাকে সাতমাস কারভোগও করতে হয়েছিল।
বিএনপি চেয়ারপারসন বলেন, “মাহমুদুর রহমানকে অবরুদ্ধ অবস্থায় গোয়েন্দা পুলিশ আবারো গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকারের বাকশালী চরিত্রের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে।”
‘অপপ্রচার’ ও সাম্প্রদায়িক সংঘাতে ‘উস্কানি’ দেয়ার অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার গণজাগরণ মঞ্চ।
মাহমুদুরকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে খালেদা বলেন, “বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বিরোধী মত, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে দলন করে আসছে।
“তাদের গণবিরোধী নীতি ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার দেশের লেখক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তবুদ্ধির বুদ্ধিজীবীদের ওপর আক্রমণ ও হুমকি আওয়ামী সরকারের গত সাড়ে চার বছরে বিপজ্জনক রূপ ধারণ করেছে।”
গ্রেপ্তারের পর মাহমুদুর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে অভিযোগ করে তার নিন্দাও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
