গোলাম আযমের পক্ষে যুক্তির শেষ সময় ১৫ এপ্রিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপনে শেষবারের মতো সময় বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এক আদেশে ১৫ এপ্রিল গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলেছে।
একাত্তরে হত্যার পরিকল্পনা, ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডে প্ররোচনা দেয়াসহ পাঁচ ধরনের মানতাবিরোধী অপরাধে গোলাম আযমের বিচার চলছে।
মামলায় তার পক্ষে যুক্তি উপস্থাপন মাঝ পর্যায়ে পৌঁছালেও হরতালের কারণ দেখিয়ে গোলাম আযমের আইনজীবীরা বিভিন্ন সময় ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকায় বিচার কাজ ব্যাহত হচ্ছে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আসামিপক্ষের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে হাজির না হয়ে তার পক্ষে এক সহকর্মীর মাধ্যমে আদালত কার্যক্রম মুলতবি করার আবেদন জানান।
ট্রাইব্যুনাল বলেছে, কোনো পরিস্থিতিতে এরপর আর আদালতের কার্যক্রম মুলতবি করা হবে না।
গোলাম আযমের পক্ষের আইনজীবীদের এখনো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরা বাকি রয়েছে।
