২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিবির-পুলিশ সংঘর্ষ

ফেনীতে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কয়েক দফা সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 08:06 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) শামছুল আলম সরকার জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা জামায়াতের কার্যালয়ের পাশে জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা ও পাঠান বাড়ি রোডে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় শিবিরকর্মীরা পুলিশের বহনকারী একটি হিউম্যান হলারে হাতবোমা ছুড়ে এবং আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের দুই কনস্টেবলসহ অন্তত ১২ জন আহত হয়।

আহতদের ফেনী সদর হাসপাতার ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে ১৪০ রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল  ছোড়ে পুলিশ।

পরে শিবিরকর্মীরা জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় অবস্থান নিলে পুলিশ মাদ্রাসার হোস্টেলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

এর আগে শিবিরকর্মীরা শহরের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপাল, শহিদুল্লাহ কায়সার সড়ক ও কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে।

এ সময় ধাওয়া করে চার পিকেটারকে আটক করে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এদিকে শহরে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো।