২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় আসন: আবেদনের শুনানি শুরু ২৩ এপ্রিল

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আপত্তির শুনানি শুরু হচ্ছে ২৩ এপ্রিল থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এই প্রথমবারের মতো সব বিভাগের আপত্তি শুনানি হবে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে। এবার বিভাগীয় পর্যায়ে শুনানি হবে না। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সারাদেশের আপত্তি শুনানির জন্যে ২৩ এপ্রিল থেকে ১২ মে দিন রেখে প্রজ্ঞাপন জারি হয়েছে। রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের (আংশিক) আপত্তি শুনানির জন্য ২৩ এপ্রিল (৭৫টি আপত্তি আবেদন) , খুলনা ও বরিশাল বিভাগের  জন্য ২৫ এপ্রিল (৬৯টি), সিলেট ও চট্টগ্রাম বিভাগের (আংশিক) জন্য ২৮ এপ্রিল (৩৬টি), চট্টগ্রাম ও ঢাকা বিভাগের (আংশিক) জন্য ৩০ এপ্রিল (৪৮টি), ঢাকা বিভাগের জন্য ২ মে (৪৭টি), ৯ মে (৫৭টি)ও ১২ মে (৫১টি) দিন রাখা হয়েছে।

“এই সময়ে শুনানির নিষ্পত্তি না হলে প্রয়োজনে সময় বাড়ানো হবে”, বলেন নির্বাচন কমিশনার।

আপত্তি আবেদনের শুনানি শেষ করেই যতো দ্রুত সম্ভব দশম সংসদ নির্বাচনের সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার গেজেটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮৭টি আসনের সীমানায় পরিবর্তন এনে গত ৬ ফেব্রুয়ারি ৩০০ আসনের খসড়া তালিকা প্রকাশ করে ইসি। এ নিয়ে আপত্তি জানাতে ১০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।

ওই সীমানা নিয়ে ৮৯৪টি আপত্তি ও পরামর্শ ইতোমধ্যে ইসিতে জমা পড়েছে। এসব দাবির বিষয়ে বিভাগীয় পর্যায়ে শুনানির কথা থাকলেও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও চার সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতির কারণে সিদ্ধান্ত বদলায় ইসি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ৭৫টি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে ৩৭২টি আপত্তি আবেদন পড়ে। এ গুলোর শুনানি করে সিদ্ধান্ত নেবে ইসি।

 

নিয়ম অনুযায়ী এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে নতুন সীমানায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, আওয়ামী লীগ ও বিএনপিসহ সব দলের নেতাকর্মীরাই সীমানা নিয়ে কিছু কিছু আসনে আপত্তি জানিয়েছেন। তবে এর মধ্যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ২০০৮ সালের সীমানা বহাল রাখার প্রস্তাব করে।

নবম সংসদে সীমানা পুননির্ধারণ নিয়ে প্রায় সাড়ে তিন হাজার দাবি-আপত্তি জমা পড়েছিল।