২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

শিবির কর্মীরা বৃহস্পতিবার সকালে  নগরীর ছোটপুল, খাজা রোড ও রাইফেল ক্লাব এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ।এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে কামালবাজার এলাকায় হরতাল সমর্থকরা একটি হিউম্যান হলার ও একটি অটো রিক্সায় আগুন দেয়ার চেষ্টা করে।পরে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এছাড়া সকালে নগরীর খাজা রোড এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করার সময় পুলিশের ধাওয়া খেয়ে মোটর সাইকেল ফেলে পিকেটাররা পালিয়ে যায়।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের মুক্তির দাবিতে চট্টগ্রামে হরতাল পালন করছে নগর স্বেচ্ছাসেবক দল।

বিএনপি নেতাকর্মীরা সকাল থেকে নগরীর নূর আহামদ সড়তে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। সেখানে হরতালের সমর্থনে  সমাবেশ করছে তারা।

বিএনপি কার্যালয় ঘিরে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও সমাবেশে বাধা দেয়া হচ্ছে না।

হরতালে নগরীর বিভিন্ন সড়কে অটো রিক্সাসহ হালকা যানবাহন চলাচল করছে। স্বাভাবিকের তুলনায় কম হলেও গণপরিবহনও চলাচল করতে দেখা যাচ্ছে। নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

এদিকে, বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।