২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রার বিরুদ্ধে মামলা

সরকারকে সহযোগিতা না করায় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার রাতে বাংলাদেশ জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে রমনা থানায় মামলটি করেছেন।

মামলায় বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুইটিং এজেন্সি (বায়রা) রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ করে দেয়ার দুদিনের মধ্যে এই মামলা হল।  

মামলার অন্য আসামিদের নাম জানতে চাইলে ওসি বলেন, “তদন্তের স্বার্থে সব আসামির নাম বলা যাচ্ছে না।”

এদিকে মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বায়রা সভাপতি শাহজালাল মজুমদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রীর (খোন্দকার মোশাররফ হোসেন) ইঙ্গিতেই এই মামলা করা হয়েছে।”

জনশক্তি রপ্তানিতে বেসরকারি খাতকে উপেক্ষা করা হচ্ছে অভিযোগ তুলে ধর্মঘটে যায় বায়রা।

গত তিন মাসে সরকার কিংবা বায়রার মাধ্যমে কোনো জনশক্তি রপ্তানি হয়নি জানিয়ে বায়রা সভাপতি বলেন, যারা বিদেশ গেছে তারা ব্যক্তিগত উদ্যোগ ও আত্মীয়-স্বজনের সহযোগিতায় গেছে।

“এই পরিপ্রেক্ষিতে বায়রাকে উপেক্ষা করে সরকারের সিদ্ধান্তের কারণেই আমরা ধর্মঘটে গেছি,” বলেন তিনি।

মালয়শিয়ায় কর্মী পাঠানো নিয়ে কয়েকমাস আগে সরকারের সঙ্গে বায়রার রেশারেশি শুরু হয়।

বায়রা এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাইলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সেই আবেদন নাকচ করেন।

এজন্য বায়রা সরকারকে চাপ দিলেও অনড় মন্ত্রী বলেন, “অযথা চাপ সৃষ্টি করে লাভ হবে না।”

শুধু সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে আসছেন বেসরকারি রপ্তানিকারকরা।

পুরনো খবর:

ধর্মঘটে বায়রা
'বায়রার ধর্মঘটে প্রভাব পড়বে না জনশক্তি রপ্তানিতে'