'বায়রার ধর্মঘটে প্রভাব পড়বে না জনশক্তি রপ্তানিতে'
বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের ধর্মঘটে জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বরং মন্ত্রণালয়কে কোনো চাপের প্রতি নতি স্বীকার না করে কম টাকায় বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সুপারিশ করেছে কমিটি
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৯তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনে রোববার কাজ বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা)
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “"সরকার কম খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছে। অন্য আরো দেশ রয়েছে, সেখানে তো পাঠাচ্ছে না। সেসব দেশে বায়রা তাদের মতো করে কর্মী পাঠাতে পারে।”"
“বায়রার ধর্মঘটে ফলে জনশক্তি রপ্তানি খাতে প্রভাব পড়বে না” উল্লেখ করে তিনি বলেন, “সরকারিভাবে লোক পাঠালে খরচ কম হচ্ছে দেখেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। তাছাড়া মালয়েশিয়াও জি টু জি মাধ্যমে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে।”
বায়রা এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাইলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সেই আবেদন নাকচ করেন।
বেসরকারি রপ্তানিকারকদের অভিযোগ, শুধু সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন বলেন, “বায়রা যে ধর্মঘট দিয়েছে তা অযৌক্তিক।”
কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, বিশ্বের ১৫৭টি দেশে বর্তমানে প্রায় ৮৬ লাখ বাংলাদেশী কর্মী কর্মরত আছে। ২০১২ সালে তাদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ১৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।
সংসদ সচিবালয়েল সংবাদি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ‘প্রবাসী কল্যাণ ব্যাংক আইন- ২০১০’ সংশোধনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এ বি এম আবুল কাসেম, মো. শাহাব উদ্দিন, এ এ মারুফ সাকলান এবং শাহিদা তারেখ দীপ্তি অংশ নেন।
