২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে বায়রা

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনে কাজ বন্ধের ঘোষণা দিয়েছে বেসরকারি রপ্তানিকারকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 06:41 AM

Updated : 25 Apr 2022, 06:34 PM

রোববার এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি শাহজালাল মজুমদার।

বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ‘সমস্যার’ সুরাহা না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি।

এই সময়ে জনশক্তি রপ্তানি সংক্রান্ত কোনো কাজই বায়রার সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো করবে না বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বায়রা সভাপতি বলেন, “আমাদের সেবা সরকারের কাছে প্রতিঘাত হওয়ায় জনশক্তি রপ্তানি খাতের সব সদস্য আগামীকাল থেকে জনশক্তি সংক্রান্ত সব প্রকার সেবাদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।”

“আমরা এখাতে সেবা তখনি প্রদান করার সিদ্ধান্ত নেব, যখন সরকার প্রাইভেট সেক্টরের গুরুত্ব অনুধাবন করে এ সেক্টরের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনায় সার্বিক সিদ্ধান্ত নিয়ে দিক-নির্দেশনা দেবে,” বলেন তিনি।

মালয়শিয়ায় কর্মী পাঠানো নিয়ে কয়েকমাস আগে সরকারের সঙ্গে বায়রার রেশারেশি শুরু হয়।

বায়রা এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাইলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সেই আবেদন নাকচ করেন।

এজন্য বায়রা সরকারকে চাপ দিলেও অনড় মন্ত্রী বলেন, “অযথা চাপ সৃষ্টি করে লাভ হবে না।”

সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর সিদ্ধান্ত মালয়শিয়ার জানিয়ে তিনি বলেন, অনিয়ম ও হয়রানি বন্ধে কুয়ালালামপুর বেসরকারি পর্যায়ে কর্মী নিতে অনাগ্রহী।

বেসরকারি রপ্তানিকারকদের অভিযোগ, শুধু সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, তারা থাইল্যান্ড সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।

“একটি ভালো মার্কেট তৈরির চেষ্টা করেছিলাম আমরা, কিন্ত সরকারের জিটুজি প্রস্তাবের কারণে তারা (থাইল্যান্ড সরকার) চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেনি,” বলেন তিনি।

এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর ক্ষেত্রে ব্যয় বেশি হয় কেন- প্রশ্ন করা হলে বায়রা মহাসচিব বলেন, “সরকার আমাদের সঙ্গে বসে যৌক্তিক খরচ নির্ধারণ করে দিক।”

তিনি জানান, ২০১২ সালে বিদেশ যাওয়া শ্রমিকদের মধ্যে ৩৯ ভাগ গেছে বায়রার মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনায় গেছে মাত্র একভাগ।

১৯৮২ সাল থেকে এ যাবত ১২০০ বায়রা সদস্য বিশ্বের বিভিন্ন দেশে ৮৫ লাখ শ্রমিক পাঠিয়েছে বলে জানান বায়রা মহাসচিব।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বিদেশি শ্রমিকদের পাঠানো অর্থ। গত বছর এখাত থেকে ১৪০০ কোটি  ডলার এসেছিল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বায়রার সহ-সভাপতি মনসুর আহমেদ কামাল, যুগ্মমহাসচিব মোহাম্মদ হাবিবুল্লাহ প্রমুখ।

পুরনো খবর:

নয় মাসে রেমিটেন্স ১১ বিলিয়ন ডলারের বেশি