২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাসে রেমিটেন্স ১১ বিলিয়ন ডলারের বেশি

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ১১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, মার্চ মাসে ১২২ কোটি ৪০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সবমিলিয়ে চলতি ২০১২-১৩ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) ১১ দশমিক ১১ বিলিয়ন (এক হাজার ১১১ কোটি ৬০ লাখ) ডলারের রেমিটেন্স পাঠান প্রবাসীরা।

গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৫৩ কোটি ডলার।

মূলত রেমিটেন্সের উপর ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ১৪ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে।

বুধবার রিজার্ভের পরিমাণ ছিল ১৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

এর আগে গত ৬ মার্চ রিজার্ভ সর্বোচ্চ ১৪ দশমিক ২৭ বিলিয়ন ডলারে উঠে।

এরপর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা ১৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে নেমে এলেও রেমিটেন্স প্রবাহের কল্যাণে ২৫ মার্চ তা আবার ১৪ বিলিয়ন ডলার অতিক্রম করে।

রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমাও বিদেশী মুদ্রার সঞ্চয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে জানান ছাইদুর রহমান।

এদিকে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয়ের ইতিবাচক ধারা ধরে রাখতে চলতি অর্থবছরে এ পর্যন্ত বাজার থেকে ৩৬০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

দর ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংককে এর আগে কখনোই এতো বেশি ডলার কিনতে হয়নি।

গত এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর কমছে। রোববার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের দর ছিল ৭৮ টাকা ১০ পয়সা।

গত বছরের জানুয়ারিতে ডলারের দর বাড়তে বাড়তে এক পর্যায়ে ৮৫ টাকায় উঠেছিল। এরপর থেকেই তা কমছে। এটা ঠেকাতেই বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি অর্থবছরের পহেলা জুলাই থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে অর্থ্যাৎ নয় মাসে বাজার থেকে সবমিলিয়ে ৩৬০ কোটি ডলার কেনা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ডলারের দর পড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট নিয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “ডলারের দর বেশি পড়ে যাওয়া খুব খারাপ। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা ধরে রাখতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে।”

ঐ মতবিনিমিয় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখছে।

তিনি বলেন, রপ্তানি খাতে যে ২৪ বিলিয়ন ডলার আসে তার অর্ধেকই আবার চলে যায় এ খাতের আমদানি ব্যয় মেটাতে।

“হুন্ডির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে ১৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স ২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব,” বলেন মাহমুদ।

“কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৪২০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক বছরে এতো রেমিটেন্স আগে কখনো আসেনি।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১-১২ অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছিল। যা ছিল আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ২৪ শতাংশ বেশি।

২০১০-১১ অর্থবছরে এসেছিল ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।