নোয়াখালীতে হরতালে আটক ১৫
হরতালে নাশকতার আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৫ জনকে আটক করেছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয় বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ বলেন, বুধবার হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
“মঙ্গলবার রাতে শহরের দত্তেরহাটে হরতাল সমর্থকদের ঝটিকা মিছিল থেকে একটি মোটরসাইকেল ও একটি ট্রাক ভাঙচুর করা হয়। রাত সাড়ে নয়টার দিকে মাইজদীর স্টেডিয়াম এলাকায় ৬-৭ টি হাতবোমার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের মুক্তির দাবিতে বৃহস্পতিবারও নোয়াখালী জেলায় হরতাল আহ্বান করেছে দলটি।
