নওগাঁয় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫
হরতাল চলাকালে নওগাঁর মান্দায় বিএনপির ও আওয়ামী লীগের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় জিগাতলা ও চৌরাস্তা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। বেশ কিছু যানবাহন ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে।
মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও ১৮ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।
ঘটনাস্থল থেকে পুলিশ যুবদল ও ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করা হয়।
এ সময় ১০ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
