খুলনায় হরতালের মিছিল থেকে গ্রেপ্তার ৪
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছাড়া হরতালের আর কোনো প্রভাব নগরজীবনে দেখা যায়নি।
আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে ৩৬ ঘণ্টার হরতালের বুধবার ছিল শেষ দিন।
সকালে হরতালের সমর্থনে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে সার্কিট হাউস এলাকা থেকে মিছিল বের করে । সেখান থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
নজরুল সাংবাদিকদের বলেন, বিনা কারণেই ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মিজু, ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম বাবু ও হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই তিনেজনের মুক্তি দাবি করেন সংসদ সদস্য মঞ্জু।
ইসলামী ছাত্রশিবির মতিয়াখালী এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে সেখানে একজনকে আটক করা হয়।
খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) রওশন আরা সাংবাদিকদের বলেন, নাশকতার চেষ্টা চালানোয় শিবিরকর্মী আবদুল কাহারকে আটক করা হয়।
এদিকে দুপুরে শহীদ হাদিস পার্কের কাছে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
