২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টির দোকানে আগুনে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি মিষ্টির দোকানে আগুন লেগে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 03:20 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

নিহত জয় কৃষ্ণ ওই মিষ্টির দোকানের মালিক হরি কৃষ্ণের ছেলে। তাদের বাড়ি উপজেলার মুড়াপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার তারাবো বাজারে শিউলি সুইটস নামের ওই দোকানে আগুন লাগে।

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকান ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভার পর ধ্বংসস্তূপ থেকে জয় কৃষ্ণের দগ্ধ লাশ উদ্ধার করা হয় বলে মোহাম্মদ আলী জানান।

তিনি বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে দোকানে আগুন লেগে থাকতে পারে। 

অবশ্য স্থানীয়দের ধারণা, দোকানের লাকড়ির চুলা ঠিকমতো নেভানো না হওয়ায় সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটে।

আশেপাশের দোকানদাররা জানান,  পহেলা বৈশাখ সামনে রেখে কাজের চাপ বাড়ায় মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত মিষ্টি তৈরি করেন দোকানের কারিগররা। বাবাকে সহযোগিতা করতেই জয় রাতে দোকানে থেকে যায়।