২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার্থীর আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাজ্জাদুর রহমান নামে এক এইচএসসি পরীক্ষার্থীর দুই হাতের সাতটি আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সাজ্জাদের পড়ার ঘরে ঢুকে ডান হাতের পাঁচটি এবং বাম হাতের দুটি আঙুল কেটে দেয়া হয় বলে তার স্বজনরা জানিয়েছে।

এই হামলার পেছনে সাজ্জাদের ভাইয়ের যোগসাজশ রয়েছে বলে পরিবারের ধারণা। রাজু আহমেদ নামে ওই ভাই মাদকসেবী বলে তাদের বাবা এনামুল হক জানিয়েছেন।  

সাজ্জাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ডা. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডান হাতের পাঁচটি আঙুল কেটে দেয়ায় ওই হাত দিয়ে কোনো কাজ করা আর তার সম্ভব হবে না।

সাজ্জাদ বাড়ির কাছের কাউনিয়া উপজেলার হারাগাছ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

উপজেলার মর্নেয়া ইউনিয়নের দক্ষিণ মৌভাষা গ্রামে নিজের ঘরে বসে পড়ার সময় তার ওপর হামলা হয়।

এনামুলের তিন ছেলের মধ্যে সাজ্জাদ ছোট। মেঝ ছেলে রাজু আহমেদ হারাগাছ মেনাজ বাজারে গহনার দোকান চালান।

সাজ্জাদের বাবা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজু প্রায়ই মাদক সেবন করে বাসায় এসে মাতলামো করত। এনিয়ে সাজ্জাদের সঙ্গে তার ঝগড়া হত। সাজ্জাদ প্রতিবাদ করায় সোমবার রাতে রাজু তাকে মারপিট করে এবং তাকে দেখে নেয়ার হুমকি দেয়।”

মঙ্গলবার রাত ১০টার দিকে রাজু তিনজন অপরিচিত ছেলেকে নিয়ে বাড়িতে আসে বলে জানান এনামুল।

“ওই ছেলেরা সাজ্জাদের ঘরে ঢুকে কিছুক্ষণ পর দ্রুত বেরিয়ে যায়। সাজ্জাদের চিৎকারে তার ঘরে দেখি তার দুই হাতের সাতটি আঙুল টেবিলের ওপর পড়ে আছে,” বলেন তিনি।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন কি না- জানতে চাইলে সাজ্জাদের বাবা বলেন, “ছেলেটা আগে সুস্থ হোক, তারপর সিদ্ধান্ত নেব।”

সাজ্জাদের মা ওয়ালিদা বেগম জানান, ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যায় রাজু।