শেখ রেহানার প্রশংসায় হাই কোর্ট
সরকার থেকে বরাদ্দ পাওয়া একটি বাড়ির অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ে ইতি টেনে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা প্রশংসাযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছে হাই কোর্ট।
একটি রিট মামলা না চালাতে শেখ রেহানার নেয়া সিদ্ধান্তের পর দেয়া আদেশে হাই কোর্ট প্রসংসাসূচক এই মন্তব্য করে।
২০১১ সালের ৮ অগাস্ট হাই কোর্ট এ বিষয়ে উন্মুক্ত আদালতে আদেশ দিয়েছিল, যা পূর্ণাঙ্গ আকারে সম্প্রতি প্রকাশিত হয়।
বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহীমের দেয়া ওই আদেশে বলা হয়, ধানমণ্ডির একটি আবাসিক বাড়ি জোর করে দখলে নেয়ায় বিবাদীদের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা রুল পেয়েছিলেন। ওই বাড়িটি ২০০১ সালের ১১ জুলাই দলিলের মাধ্যমে সরকার তার কাছে হস্তান্তর করেছিল।
২০০১ সালের জুলাই মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার ধানমণ্ডির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাড়িটি শেখ রেহানার নামে বরাদ্দ করে এবং তিনি তা নগদ মূল্যে কিনে নেন।
২০০৫ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বাড়িটি সরকারি মালিকানায় নিয়ে সেখানে ধানমণ্ডি থানা স্থাপন করে।
সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শেখ রেহানা ২০০৬ সালের ২৪ জানুয়ারি উচ্চ আদালতে একটি রিট আবেদন করলে আদালত সরকারের গৃহীত পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চায়।
বঙ্গবন্ধুর পারিবারিক সম্পত্তি জনগণের জন্য দান করার বিষয়টি তুলে ধরে হাই কোর্টের আদেশে বলা হয়েছে, দেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও আত্মত্যাগ বিবেচনা করে ধানমণ্ডিতে রিট আবেদনকারীকে একটি বাড়ি বরাদ্দ দেয়, পরিবর্তিত পরিস্থিতিতে বিবাদীদের পদাধিষ্ঠিত ব্যক্তিরা যা পরে জোরপূর্বক দখল করে নেয়।
“এখন রিট প্রত্যাহারের এই আবেদনের মাধ্যমে রিটকারী তার প্রতি দেশের মানুষের ভালোবাসাকে সম্মান দেখিয়ে রুলটি আর না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ওই (কেড়ে নেয়া) কাজটি ছিল অবৈধ এবং আবেদনকারী তার সম্পত্তি ফিরে পেতে পারতেন।”
জাতীয় শোক দিবসে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মোনাজাতরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অগাস্ট ১৫, ২০১২
“সম্পত্তির ওই অধিকার সমর্পণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা প্রশংসাযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
ওই আদেশে আদালত পর্যবেক্ষণও দিয়েছে যে, শেখ রেহানার এই ত্যাগের জবাবে জনগণের পক্ষে রাষ্ট্র তাকে উপযুক্ত আবাসিক বাড়ি বা জমি প্লট দিতে পারে, যাতে তিনি রাজধানীতে একটি ঠিকানা পেতে পারেন।
শেখ রেহানাকে বাড়িটি বরাদ্দ দেওয়া হয় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের আওতায়। চারদলীয় জোট সরকার ওই আইন বাতিলের পর ওই বরাদ্দ বাতিল হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ পাস করা হয়। ওই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন এসএসএফ অর্ডিন্যান্স-১৯৮৬ অনুযায়ী ভিআইপি হিসাবে সুযোগ-সুবিধা পাবেন।
এছাড়া ওই আইন অনুযায়ী সরকার পরিবারের সদস্যদের প্রত্যেকের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসন ব্যবস্থা করবেন বলেও উল্লেখ রয়েছে।
২০১১ সালে বাড়িটি নিয়ে করা রিট না চালানোর সিদ্ধান্ত আদালত জানিয়ে দেয়ার পর ২০১২ সালের ১০ মার্চ জমিসহ ওই বাড়ি দলিল করে সরকারকে দিয়ে দেন রেহানা।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তাকে তৎকালীন সরকার এরকম সুবিধা দিয়েছিল। গুলশানে ১০১ টাকায় দেড় একর আয়তনের একটি বাড়ি কেনেন তিনি।
এছাড়া ঢাকা সেনানিবাসে শহীদ মঈনুল সড়কে এক টাকায় ১৯৮১ সালের ৮ জুলাই আট বিঘা আয়তনের একটি বাড়িও ইজারা দেওয়া হয় খালেদাকে।
২০১০ সালের ১৩ জুলাই খালেদাকে দেয়া ইজারা বাতিল করে ওই বাড়ি থেকে সরিয়ে দেয়া হয়। তবে গুলশানের বাড়িটি এখনো খালেদারই রয়েছে। তবে সেখানে তিনি থাকেন না।
