২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৬টি গাড়িতে আগুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের মধ্যে সন্ধ্যায় রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 04:22 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

এর মধ্যে নয়াবাজার সেতুর নিচে বাহাদুর শাহ পরিবহনের একটি বাস, সেতুর ওপর একটি লেগুনা, বাড্ডা চেক পয়েন্টের সামনে একটি বাস, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে একটি মাইক্রো, শান্তিনগরে একটি ওষুধ কোম্পানির গাড়ি এবং পুরান ঢাকার পাটুয়াটুলীতে আগুন দেয়া হয় সিএনজিতে।

কোতোয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, সন্ধ্যা সন্ধা পৌনে ৭টার দিকে পাটোয়াটুলীর ইলিয়াস মার্কেটের সামনে দুর্বৃত্তরা একটি সিএনজিতে আগুন দেয়।

তিনি বলেন, চার যুবক ভাড়ার কথা বলে সিএনজিটি থামিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া নয়াবাজার সেতুর নিচে রাত পৌনের ৮টায় বাহাদুর শাহ পরিবহনের এবং সেতুর উপরে রাত ৯টায় একটি লেগুনায় আগুন দেয়া হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে ওসি বলেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সাবেক নেতাকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করার পর তারা গাড়িতে আগুন দেয়।

রাত সাড়ে ৮টার দিকে আবুল হোটেলের কাছে কালো রঙের একটি মাইক্রোতে আগুন দেয়া হয়।

রমনা থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহিদ জানান, আগুনে মাইক্রোবাসের সামনের দুটি আসন পুড়ে গেছে।

এদিকে বাড্ডা এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, একটি বাসে হরতাল সমর্থকরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে বাসের তিনটি আসন পুড়ে যায়। তবে বাসটি দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করে।

রাত সাড়ে ৯টার দিকে শান্তিনগরের হোয়াইট হাউজের সামনে তুষার ফার্মেসিতে ওষুধ দেয়ার সময় একটি ‍ওষুধ কোম্পানির গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

এতে চালক মিজানুর রহমান দগ্ধ হন (৩৫)। রাত পৌনে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয় বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।

তিনি বলেন, আগুনে চালক মিজানুরের হাত, পেট ও পিঠের কিছু অংশ ঝলসে গেছে।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘণ্টার এই হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।