গাইবান্ধার পুলিশ হত্যার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায়
গাইবান্ধার বামনডাঙ্গার পুলিশ হত্যার দুই আসামি গ্রেপ্তার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
ঘটনার এক মাসের বেশি সময় পর মঙ্গলবার ভোরে বাঞ্ছারামপুর থেকে জামায়াতে ইসলামীর এই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গাইবান্ধা পুলিশ জানিয়েছে।
এই দুজন হলেন- রোস্তম আলী (২৬) ও আব্দুল হককে (৩০)।
সেদিন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে যে হত্যা মামলা করেছে, তার আসামি হলেন রোস্তম ও হক।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের পর থেকে এই দুই জামায়াতকর্মী পলাতক ছিলেন।
“গাইবান্ধা পুলিশের দেয়া তথ্যে তাদের বাঞ্ছারামপুরের কালিচাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ।”
রোস্তম ও হক উভয়ের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামে।
