২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ মে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২২ মে দিন রেখেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 08:12 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

Image
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে ঢাকার জজ আদালতে খালেদা জিয়া, ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে ঢাকার জজ আদালতে খালেদা জিয়া, ফাইল ছবি

ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মঙ্গলবার এই দিন ধার্য করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে আদালতে হাজির হওয়ার নোটিস দিয়ে পত্রিকায় প্রকাশ করা বিজ্ঞপ্তির অনুলিপি এদিন আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

খালেদা জিয়া হরতালের মধ্যে ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে আদালতে না আসায় তার পক্ষে এদিন সময়ের আবেদন করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ। 

তবে মামলার অপর দুই আসামি বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে ২০১১ সালের ৮ অগাস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ।

মামলার এজাহারে ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

এরপর ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এতে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে জনৈকা সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। তবে জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে, যা কাগজপত্রে উল্লেখ করা হয়। এই অর্থের বৈধ কোনও উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

গত ১৫ জানুয়ারি খালেদা জিয়ার উপস্থিতিতে আদালত এই অভিযোগপত্র গ্রহণ করে।