গাজীপুরে হরতালে গাড়ি ভাংচুর, বোমা বিস্ফোরণ
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা টানা দুদিনের হরতালে গাজীপুরে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদল।
এছাড়া হরতাল সমর্থকরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোর এলাকায় জেলা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনির, ভাওয়াল কলেজ শাখা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, মাসুদুল কবির, টিআই মিল্টন, আমাদুজ্জামান ও ফরিদ মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিল থেকে কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করার পর ওই সড়কে গাড়ি চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে পুলিশ দেখে মিছিলকারীরা এলাকা ত্যাগ করলে যান চলাচল আবার শুরু হয়।
কামরুজ্জামান জানান, সোমবার হরতালের আগের রাতে চান্দনা-চৌরাস্তা এলাকায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।
দূরপাল্লার বাস চলাচল না করলেও গাজীপুরে লোকাল বাস, স্কুটার, টেম্পু, লেগুনা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। অধিকাংশ কল-কারখানা, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও বিপণী বিতান খোলা রয়েছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, হরতাল চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় ভোরে হরতাল সমর্থকরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর মহাসড়কের স্থানীয় চেরাগ আলী মার্কেট এলাকায় একটি মিছিল বের করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সকাল সাড়ে ৮টায় মহাসড়কের টঙ্গীর মিল গেট এলাকায় ঝুট ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে স্থানীয় স্বেচ্ছাসেবক দল। একই সময় মহাসড়কের বোর্ড বাজার এলাকায় বিএনপি নেতা মোরাফ হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর হাজারী ও ছাত্রদল নেতা ফারুকের নেতৃত্বে হরতালের সমর্থনে পৃথক পৃথক মিছিল বের হয়।
এসময় পিকেটাররা কয়েকটি বাস ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে বেলা ১১টার দিকে জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতির নেতৃত্বে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা টঙ্গীর স্টেশনরোড ও আশে-পাশের এলাকায় হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করে।
