২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কড়া নিরাপত্তায় ৩৬ ঘণ্টার হরতাল শুরু

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতেই নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপিকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:43 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

এতে সাংবাদিকসহ অন্তত ১০  জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে ২১ জনকে আটক করেছে পুলিশ।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও র্যাব সদস্যদের মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছেন। তবে হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীতে বড় কোনো গোলোযেগের খবর পাওয়া যায়নি।

সকাল ৭টার দিকে মিরপুর আনসার ক্যাম্পোর সামনে ছাত্রদলের মিছিল থেকে একটি ককটেল ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রায় একই সময়ে হরতালের সমর্থনে মিছিল হয় তেজগাঁও সাতরাস্তা এলাকায়।

গাবতলীতে যুবদলের মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

রামপুরা বনশ্রীতে যুবদলের কর্মীরা রাস্তার মাঝখানে ব্যানার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় একটি পিকআপ ভ্যান দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে ধাক্কা লেগে আল আমিন নামের এক যুবক আহত হন।

যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান, সকালে যাত্রাবাড়ী মাছ বাজারে যুবদল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া মিরপুর-১ এলাকায় শিবির কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করে।

অন্যান্য হরতালের মতো সোমবারও সকাল থেকে রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় কিছুটা বেশি। 

সকালের অংশে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। এ দিনের নির্ধারিত পরীক্ষাগুলো আগামী ১৩ এপ্রিল শনিবার হবে।

পাহাড়ে বর্ষবরণ উৎসবের জন্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

ভাংচুর ও গাড়ি পোড়ানোর মামলায় রোববার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ আহমদসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠায় আদালত।

এর পরপরই নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। সোমবার তাকেও গ্রেপ্তার করা হয়।

সালাহউদ্দিনও গ্রেপ্তার হওয়ায় নয়া পল্টনে বিএনপি কার্যালয় এখন প্রায় নেতাকর্মী শূন্য। কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও সড়কে নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি।

ফখরুল ও মওদুদ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে যেতে হয়েছে ।

অন্য মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান ও রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।

যুগ্মমহাসচিবদের মধ্যে এখন বাইরে রয়েছেন কেবল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

আমান ও রিজভীর মুক্তি দাবিতে গত ১২, ১৮ ও ১৯ এবং ২৭ ও ২৮ মার্চ হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তাদের মুক্তির আগেই কারাগারে গেলেন আরো নয় জন।

হরতালে অন্য দাবিগুলো হচ্ছে- নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গণহত্যা বন্ধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ।

১৮ দলীয় জোটের এই হরতাল শেষ হওয়ার কথা বুধবার সন্ধ্যা ৬টায়। এর আগে হেফাজতে ইসলাম সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করায় টানা তিন দিন যাচ্ছে হরতালে।