২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

স্ত্রী হত্যার অভিযোগে মামলা হয়েছে ক্রিকেটার ইমন আহমেদের বিরুদ্ধে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড়ের অন্তঃসত্ত্বা স্ত্রী আশরাফুন্নেছা তিশা (২০) রোববার রাতে মারা যান।

ইমনের পরিবার ঘটনার পর থেকে পলাতক বলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে তিশার চাচা সৈয়দ ওয়াদুদ তৌহিদ দাবি করেছেন, নির্যাতনের পর তার ভাতিজির মুখে বিষ ঢেলে দেয়া হয়।

হত্যার অভিযোগ এনে ওয়াদুদ তৌহিদ সোমবার ইমন ও তার মা রেহেনা কাজলের বিরুদ্ধে টাঙ্গাইলের মধুপুর থানায় মামলা করেছেন।

মধুপুরের রায়থুরা গ্রামের সৈয়দ আতাউর রহমান মেয়ে তিশার সঙ্গে ২০১১ সালে একই উপজেলার বোয়ালী এলাকার মৃত আবুল ফকিরের ছেলে ইমনের বিয়ে হয়।

দুই মাসের অন্তঃসত্ত্বা তিশার মৃত্যু হয়েছে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ওয়াদুদ তৌহিদ সাংবাদিকদের বলেন, রোববার বিকালে ইমনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমন ও তার মা মারধরের পর তিশার মুখে বিষ ঢেলে দেয়।

এরপর তৃষাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত ১০টায় তার মৃত্যু হয় বলে জানান ওয়াদুদ।