ফরিদপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ
ফরিদপুরের সালথা উপজেলায় যৌতুকের জন্য গৃহবধূ রাফেজা বেগমকে (২৪) হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
রোববার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গি জয়কালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাফেজার স্বামী জুয়েল শেখ পলাতক রয়েছে।
পুলিশ সোমবার দুপুরে বাড়ির উঠানে পড়ে থাকা অবস্থায় রাফেজার লাশ উদ্ধার করে। এ সময় জুয়েলের বাবা নান্নু মাতুব্বর (৫০), মা বিলকিস বেগম (৪৫) এবং জুয়েলের দ্বিতীয় স্ত্রী মনিরা বেগমকে (২৮) আটক করা হয় বলে জানান সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম।
তিনি আরো বলেন, “রাফেজার গলার দুইপাশে দুটি কালো দাগ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।”
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত রাফেজার বাবা বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কান্দাকুল গ্রামের কৃষক আফছার শেখ সাংবাদিকদের জানান, ছয় বছর আগে জুয়েলের সাথে রাফেজার বিয়ে হয়। তাদের জুঁই নামে ছয় বছরের এক মেয়ে রয়েছে ।
বিয়ের সময় দেড় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার দেওয়া হয়। এরপর জুয়েল ব্যবসার কথা বলে চল্লিশ হাজার টাকা ধার নেয়। জুয়েলের দাবি অনুযায়ী দেড় মাস আগে তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়।
কয়েক দিন ধরে জুয়েল আরও এক লাখ টাকা দাবি করে আসছিল। ওই টাকা দিতে না পারায় জুয়েল রোববার রাতে রাফেজাকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন আফছার শেখ।
