বরিশালে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে বাড়ির পাশের ধানক্ষেত থেকে বিশ্বজিত মন্ডলের ছেলে গনেশ মন্ডলের (৩০) লাশ উদ্ধার করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন গনেশ। সোমবার বিকাল চারটায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তার লাশটি উদ্ধার করে।
ওসি আরো বলেন, গনেশের শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে শরীর কালো হয়ে আছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
