বাস ভাংচুর মামলায় হেফাজত নেতাকে আটক, পরে মুক্তি
বাস ভাংচুরের মামলার আসামি হেফাজতে ইসলামের বরিশাল মহানগর আমিরসহ চার কর্মীকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে আমির ওবায়দুর রহমানকে ও এর কিছুক্ষণ পর বাকি চারজনকে কোতোয়ালি থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
তারা হলেন, মো. মোশারফ হোসেন (৪২), শেখ সাব্বির আহমেদ(৩৭), তারেক (৩২) ও মো. ওয়ালি উল্ল্যাহ (২২)।
এর আগে রোববার রাতে বাস ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
ওই ঘটনায় রাতেই মামলা করেন বাস টার্মিনালের কাউন্টার ইনচার্জ হুমাউন কবির।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৬টার পর থেকে কোতয়ালী মডেল থানার পাশে জড়ো হতে থাকে হেফাজত নেতাকর্মীরা। তারা থানার সামনে লাইন রোডে অবস্থান নিয়ে কোরআন তেলাওয়াত ও তসবিহ্ পাঠ এবং জিকির করতে থাকে।
সকাল ন’টার দিকে চরমোনাই মাদ্রাসাসহ নগরীর বিভিন্ন মাদ্রাসার কয়েক হাজার হেফাজত সমর্থক থানার আশপাশের সড়কে অবরোধ সৃষ্টি করে।
অবশ্য কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা ঘেরাও করা হয়নি। আটকদের শুভাকাংখীরা থানার সামনে জড়ো হওয়ায় বিশেষ বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়।
মহানগর পুলিশ কমিশনার মো শামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির শারীরিক অসুস্থতা থাকলে থানা থেকে জামিন দেওয়ার বিধান রয়েছে।
