ফেনীতে বিএনপির মিছিল থেকে যানবাহন ভাংচুর
বিএনপির ডাকা ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে ফেনীতে সোমবার সন্ধ্যায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে।
ফেনী মডেল থানার আওতাধীন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মিছিলটি শহরের বড় বাজারের বাঁশ পাড়া মোড় থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পৌঁছলে হরতাল সমর্থকরা ২টি সিএনজি চালিত অটোরিকশা, একটি ব্যাটারি চালিত টমটম ও রিকশা ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা চলে যায়।
সেচ্ছাসেবক দলের সভাপতি কপিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল, যুবদল নেতা মামুন, ছাত্রদল সাধারণ সম্পাদক নঈম উল্লাহ বরাতসহ সংগঠনের নেতাকর্মীরা
মিছিলে যোগ দেন।
মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
