এক রাতে ডাকাতি ১৮ বাড়িতে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রাম ঘেরাও করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ডাকাত দল কয়েকটি ট্রলারে করে এসেছিল। ডাকাতির পর তারা ট্রলারে করে পালিয়ে যায়।
খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দি গ্রামটি মেঘনা নদীর পাড়ে। গ্রামটির বাসিন্দাদের বেশিরভাগ পুরুষ জেলে ও পাওয়ারলুম কারখানার শ্রমিক। ঘটনার পর পুলিশ ওই গ্রামে গেছে।
আড়াইহাজার থানার পরিদর্শক(তদন্ত) মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, বেশিরভাগ পুরুষ রাতে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ডাকাত দল অনায়াসে গ্রামটিতে ডাকাতি করতে পেরেছে।
স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে কয়েকশ’ ডাকাত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামে হানা দেয়। তারা চার দিক থেকে গ্রাম ঘিরে ১৮টি বাড়িতে ডাকাতি চালায়।
ইউপি সদস্য ওমর আলী ছাড়াও মতিন মিয়া, আব্দুল বয়ান, লোকমান, ক্বারী মিয়া, আলী হোসেন, আব্দুল মতিন, ইয়ানুছ মিয়া, শাহিন মিয়া, ইকবাল হোসেন, জাকির হোসেন, পিয়ার আলী, শনু মিয়া, মাহমুদা বেগম, সদর আলী, আতাবুর রহমান, মিজান আলী ও জিলানীর বাড়িতে এক যোগে ডাকাতি হয়।
ইউপি সদস্য ওমর জানান, ডাকাতদের হামলায় তিনিসহ ১০ জন আহত হন।
ওমর আলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। শাহিন মিয়া ও পিয়ার আলীও সেখানে ভর্তি হয়েছেন।
একদিনে গ্রামজুড়ে ডাকাতি হওয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান ওমর আলী।
