২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গুলিতে কিশোরকে হত্যা

কক্সবাজার শহরতলীতে এক কিশোরকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার গভীর রাতে শহরতলীর দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকায়

মনসুর আলম নামের ওই কিশোরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মনসুর (১৬) ওই এলাকার আবদুল নবীর ছেলে।

মনসুর আলমের বড় ভাই শামসুল আলম বলেন, রোববার রাত ১০টার দিকে ওই এলাকায় একদল দুর্বৃত্ত জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করে। আহত জয়নালকে তার বাবা আবদুল নবী কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

“এতে ক্ষিপ্ত হয়ে রাত ১টায় ওই দুর্বৃত্তরা মনসুরকে তুলে নিয়ে হাত-পা বেঁধে গুলি করে।”

ঘটনার পর স্থানীয়রা সাদ্দাম নামের এক যুবককে ধরে পুলিশে দেয় বলে দাবি করেন শামসুল আলম।

তবে কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন মনসুর হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও সাদ্দামকে আটকের কথা তিনি জানেন না বলে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা হয়নি।