২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা হস্তক্ষেপের আশঙ্কা দেখছেন না প্রধানমন্ত্রী

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না বলেই মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 08:44 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে সোমবার বিবিসি বাংলা ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

Image
ছবিটি বিবিসি থেকে নেয়া

ছবিটি বিবিসি থেকে নেয়া

বিবিসির প্রতিবেদক কাদির কল্লোলকে প্রধানমন্ত্রী বলেন, “উনি (খালেদা জিয়া) যদি আশা করে থাকেন যে কিছু মানুষ খুন করলেই একেবারে আর্মি ঝাঁপিয়ে পড়বে। আর উনাকে ক্ষমতায় নেবে। বর্তমান আর্মি তা করবে না।”

সম্প্রতি বগুড়ায় এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, “আমাদের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষায় কাজ করে। দেশে কোনো বিশৃঙ্খলা হলে তারা বসে থাকবে না। তারা সময়মতো দায়িত্ব পালন করবে।”

তার ওই বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। খালেদা জিয়া উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন অভিযোগ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।   

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন, বিরোধীদল সংসদে এসে দাবি তুলে ধরতে পারে।

একইসঙ্গে তত্ত্বাবধায়কের দাবি নাকচ করে তিনি প্রশ্ন রাখেন, “বিরোধীদলীয় নেত্রী দেশকে সেই ২০০৭ সালের পরিবেশে কেন নিতে চাইছেন?”

রাজধানীতে সমাবেশ শেষ করে ফিরে যাওয়ায় হেফাজতে ইসলামীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচিকে ঘিরে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নাশকতা ঘটাতে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছিল সে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে দেখেছেন, ১৮দলের পক্ষ থেকে মঞ্চে গিয়ে সমর্থন দেয়ার ঘটনা ঘটেছে। এতে প্রমাণ হয়, আশঙ্কা অমূলক ছিল না।

“তবে আমি ধন্যবাদ জানাব যে, হেফাজতে ইসলাম কিছু কর্মসূচি নিলেও তারা যথারীতি তাদের সমাবেশ শেষে ফিরে গেছে। জামায়াতের ফাঁদে পা দেয়নি।”

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাদের শাস্তির দাবিতে গত শনিবার মতিঝিলে ওই সমাবেশ করে হেফাজতে ইসলাম।