২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস: ৩২ এর শূন্য পদে নিয়োগ ৩৩ থেকে

৩২তম বিসিএসের মুক্তিযোদ্ধা কোটায় ‘পূরণ না হওয়া’ এক হাজার ১২৫টি পদ ৩৩তম বিসিএসের মেধা তালিকা থেকে পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

এর জন্য মুক্তিযোদ্ধা কোটা শিথিল করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “৩২তম বিসিএসে কারিগরি ও পেশাগত (প্রোফেশনাল) ক্যাডারে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় এক হাজার ১২৫টি পদ খালি থাকে। এ পদগুলো ৩৩তম বিসিএস মেধা কোটা থেকে পূরণ করা হবে।”  

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানো হয় বলে জানান সচিব।

তিনি জানান, বিসিএসের নিয়মে ৪৫ শতাংশ মেধা কোটা, জেলা কোটার মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ মহিলা কোটা, ৫ শতাংশ উপজাতি কোটা এবং ১০ শতাংশ জেলার সাধারণ কোটা রয়েছে।

“২০১০ সালের এক নির্দেশনায় বলা হয়েছিল, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে তা খালি থাকবে। ৩২তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় ৩৩তম বিসিএসের মেধা কোটা থেকে তা পূরণ করার জন্য এ অনুমোদন দেয়া হলো।”

২০১০ সালে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫২৮টি পদ মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

সিদ্ধান্ত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সন্তোষ

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৩ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন সোমবার উপস্থাপন করা হয়। গত চার বছর তিন মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সন্তোষ প্রকাশ করেন।

সচিব বলেন, বর্তমান সরকারের সময়ে মন্ত্রিসভার ১৯৫টি বৈঠকে এক হাজার ২৮০টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে এক হাজার ১৮৪টি। অর্থাৎ, বাস্তবায়নের হার ৯৩ শতাংশ।

এই সময়ে ৪০টি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে, সরকার ১০৭টি চুক্তি করেছে এবং পাস করা হয়েছে ২১৫টি আইন।

আর বিগত সরকারের প্রথম চার বছর তিন মাস সময়ে ১৮১টি বৈঠকে ৬৪৭টি সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা। এর মধ্যে বাস্তবায়ন হয়েছিল ৫০২টি, অর্থাৎ ৭৭ দশমিক ৬ শতাংশ।

ওই সময়ে ২১টি কর্মকৌশল প্রণয়ন, ৫৬টি চুক্তি এবং ১৩৭টি আইন পাস হয় বলে সচিব জানান।